চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে আজ শনিবার (১৩ জুন) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। ঐতিহাসিক লালদিঘী ময়দানের এই সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সমাবেশকে কেন্দ্র করে বন্দরনগরীতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিকেলের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জোটের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।

জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির নেতারা দাবি করেছেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এই সমাবেশে অংশ নেবেন। সমাবেশ সফল করতে গত কয়েক দিন ধরে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালানো হয়েছে।

এদিকে সমাবেশ উপলক্ষে লালদিঘী ময়দানে বিশালাকার মঞ্চ নির্মাণ করা হয়েছে। গতকাল শুক্রবারই ১১ দলের শীর্ষ নেতারা সমাবেশস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। জনগণের মৌলিক অধিকার ও বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যেই এই গণসমাবেশের আয়োজন।

সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, এই বিভাগীয় সমাবেশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়। এটি সাধারণ মানুষের অধিকার, সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরার গণমঞ্চ। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবেন বলে আমাদের বিশ্বাস।