হেক্সা মিশনের শুরুটা ভালো হলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ গোলে সমতায় ফেরে সেলেসাওরা। তবে এরপর আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।
এই ফলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো নিজেদের উদ্বোধনী ম্যাচে জয়বঞ্চিত হলো ব্রাজিল। সেই সঙ্গে উঠে এসেছে এক অস্বস্তিকর পরিসংখ্যান—বিশ্বকাপের প্রথম ম্যাচে ড্র করলে এখন পর্যন্ত কখনোই শিরোপা জিততে পারেনি পাঁচবারের এই চ্যাম্পিয়নরা।
এর আগে তিনবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ড্র করেছিল ব্রাজিল—১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে গোলশূন্য, ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষে ১–১ এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের সঙ্গে ১–১ গোলে। ওই তিন আসরের কোনোটিতেই তারা ট্রফি জিততে পারেনি।
১৯৭৪ সালে ব্রাজিল টুর্নামেন্ট শেষ করেছিল চতুর্থ স্থানে। ১৯৭৮ সালে তৃতীয় হলেও শিরোপা অধরা থেকে যায়। আর ২০১৮ বিশ্বকাপে তাদের বিদায় ঘটে কোয়ার্টার ফাইনালে।
অন্যদিকে ব্রাজিলের পাঁচটি শিরোপাজয়ের ইতিহাস বলছে ভিন্ন কথা। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২—প্রতিটি আসরেই তারা উদ্বোধনী ম্যাচে জয় দিয়েই যাত্রা শুরু করেছিল, এবং শেষ পর্যন্ত ট্রফিও জিতেছিল।
তবে পরিসংখ্যান যতই কথা বলুক, ফুটবলে শেষ কথা বলে মাঠের পারফরম্যান্সই। এবার কার্লো আনচেলত্তির দলের ভবিষ্যৎ কতদূর যায়, সেটাই এখন দেখার বিষয়।





