গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নৌবাহিনী কমান্ডার নিহত

গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ওই কমান্ডারের নাম মনসুর সামি মাহমুদ শাহতুত। গত শুক্রবার গাজার মধ্যাঞ্চলে তাকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এ সময় তার সাথে থাকা আরও দুই হামাস যোদ্ধা নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই তিন যোদ্ধা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একটি গাড়িতে করে যাচ্ছিলেন। তারা গাজায় দায়িত্বরত ইসরায়েলি সেনাদের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন, যার ফলে তাৎক্ষণিকভাবে তাদের ওপর হামলা চালানো হয়।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, মনসুর সামি মাহমুদ শাহতুত হামাসের সামরিক শাখার অধীনে পরিচালিত নৌবাহিনীর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন। এই নৌবাহিনীটি গাজা এবং ইসরায়েলের মূল ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর বিভিন্ন সময় নৌ-হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়ার কাজে নিয়োজিত ছিল।

তবে এই হামলার বিষয়ে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি। গত কয়েক মাস ধরেই গাজা উপত্যকায় হামাসের শীর্ষস্থানীয় কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের এই ‘টার্গেটেড কিলিং’ বা সুনির্দিষ্ট হামলা অব্যাহত রয়েছে। আল জাজিরা