হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিনামূল্যের শাটল বাস সেবা চালু করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগত ও প্রস্থানকারী যাত্রীদের টার্মিনালের বিভিন্ন অংশে দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে দুটি শাটল বাস পরিচালিত হবে। বাসগুলো টার্মিনাল-১ ও টার্মিনাল-২-এর ক্যানোপির মধ্যবর্তী স্থান থেকে প্রতি ৩০ মিনিট পরপর ছেড়ে যাবে। নির্ধারিত রুটে বিমানবন্দর বাস স্টেশন, জসিম উদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন ও কাওলা হয়ে আবার বিমানবন্দরে ফিরে আসবে।
এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। কোনো যাত্রীকে শাটল বাসে ভাড়া দিতে হবে না। যদি কেউ ভাড়া দাবি করে, তাহলে বিমানবন্দরের হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, নতুন এ উদ্যোগের ফলে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন নির্ধারিত পয়েন্টে সহজেই চলাচল করতে পারবেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু নিয়ে ভ্রমণকারী পরিবার, শারীরিকভাবে অসুস্থ যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীরা এ সেবা থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন।





