আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা : বর্ষা

প্রথমবারের মতো একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন, দাম্পত্য, মাতৃত্ব এবং ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে দেওয়া এই সাক্ষাৎকার প্রকাশের পর তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই তাঁর সরল ও বাস্তবমুখী জীবনদর্শনের প্রশংসা করছেন।

অনুষ্ঠানে উপস্থাপিকা জানতে চান, দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি ও অভিনেতা অনন্ত জলিলর স্ত্রী হিসেবে চাইলে তিনি বিলাসবহুল জীবনযাপনেই নিজেকে সীমাবদ্ধ রাখতে পারতেন। কিন্তু কেন তিনি সংসার ও পরিবারের সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন?

জবাবে বর্ষা বলেন, ‘অসম্ভবকে সম্ভব করাই তো অনন্ত জলিলের কাজ। এটা যেমন অনন্তর পরিচয়, তেমনি আমার সংসারই আমার পরিচয়।’ তিনি জানান, তাঁর কাছে সংসারই সবচেয়ে শান্তির জায়গা। বাইরে যত কাজই থাকুক না কেন, বিকেলের মধ্যেই বাসায় ফেরার চেষ্টা করেন, কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অভিনেত্রী আরও জানান, তিনি নিজ হাতে রান্না করে স্বামী ও সন্তানদের খাওয়ান। প্রয়োজন হলে থালা-বাসন পরিষ্কার করতেও দ্বিধা করেন না। তাঁর ভাষায়, স্বামী বাসায় ফেরার আগে তিনি ঘরের সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করেন, যাতে অনন্ত জলিল বাসায় এসে একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ পান।

বর্তমান সময়ে অনেকের সংসার নিয়ে ধারণার সঙ্গে নিজের ভাবনার পার্থক্যও তুলে ধরেন বর্ষা। তিনি বলেন, অনেকেই মনে করেন স্বামী এসে আগে তাঁর অভিমান ভাঙাবেন, কিন্তু তিনি সম্পর্ককে ভিন্নভাবে দেখেন। তাঁর মতে, স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি বাহ্যিক চাকচিক্য নয়, বরং পারস্পরিক স্বাচ্ছন্দ্য, বোঝাপড়া এবং মানসিক বন্ধন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বামীর সামনে সবসময় সাজগোজ করে থাকার প্রয়োজন অনুভব করেন না। বরং ঘরোয়া পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি অনন্ত জলিলই তাঁকে মাঝে মাঝে আরও সুন্দর পোশাক পরতে বলেন বলেও জানান তিনি। বর্ষার মতে, সংসার মানেই দাসত্ব নয়; বরং প্রিয় মানুষদের জন্য ভালোবেসে কিছু করার মধ্যেই প্রকৃত সুখ ও প্রশান্তি লুকিয়ে থাকে।

কাজের প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, বর্তমানে একাধিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘নেত্রী : দ্য লিডার’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। এছাড়া পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম ২’ ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি নারীকেন্দ্রিক একটি নতুন প্রকল্প নিয়েও ভাবছেন তিনি।

দেশের চলচ্চিত্রশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বর্ষা বলেন, এখন সিনেমার অবস্থা আগের তুলনায় কঠিন। তবে তাঁর বিশ্বাস, ভালো গল্প ও মানসম্মত নির্মাণ হলে দর্শক এখনও সিনেমা হলে ফিরবেন। সেই লক্ষ্য নিয়েই নতুন কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী।