নায়িকা নয়, এবার খলনায়িকা হতে চান পূর্ণিমা

দীর্ঘদিন ধরে রোমান্টিক ও ‘মিষ্টি’ চরিত্রে দর্শকদের মন জয় করেছেন ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজের সেই পরিচিত ইমেজ ভাঙতে চান তিনি। এবার তার ইচ্ছা, পর্দায় একজন খলনায়িকা বা নেতিবাচক চরিত্রে হাজির হওয়ার।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে দেশের একটি গণমাধ্যময়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন ইচ্ছার কথা জানান পূর্ণিমা।

অভিনেত্রী বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। এমন একটি চরিত্র করতে চাই, যাকে দেখে দর্শকের মনে তীব্র ঘৃণা তৈরি হবে।’

পূর্ণিমার মতে, তার কোমল চেহারা ও দীর্ঘদিনের রোমান্টিক ইমেজের কারণেই নির্মাতারা কখনো তাকে নেতিবাচক চরিত্রে ভাবেননি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি। হয়তো কেউ আমাকে এভাবে কল্পনাই করেননি। সবাই মনে করেন, আমার চেহারার সঙ্গে এমন চরিত্র মানাবে না। কিন্তু আমি চাই এবার একেবারে ভিন্ন ধরনের একটি চরিত্রে কাজ করতে।’

উল্লেখ্য, অভিনয়ে বেশ কয়েক বছর ধরেই অনিয়মিত পূর্ণিমা। সর্বশেষ প্রায় তিন বছর আগে তাকে দুটি ওটিটি কনটেন্টে দেখা যায়। এরপর মাঝে মধ্যে উপস্থাপনায় অংশ নিলেও নতুন সিনেমা বা নাটকে খুব একটা দেখা যায়নি এই জনপ্রিয় অভিনেত্রী।