২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা নৌমন্ত্রীর

আগামী ২০২৯ সালের মধ্যে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাণিজ্যিকভাবে চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

গতকাল সোমবার (১৩ জুলাই ২০২৬) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

নৌমন্ত্রী বলেন, বর্তমানে গভীরতার সীমাবদ্ধতার কারণে দেশের বন্দরগুলোতে বড় ‘মাদার ভেসেল’ সরাসরি ভিড়তে পারে না। ফলে আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বন্দরের ওপর নির্ভর করতে হয়, যা খরচ ও সময় বাড়ায়।

মাতারবাড়ী বন্দরটি চালু হলে ১৬ মিটার গভীরতার নৌ-চ্যানেল ও আধুনিক টার্মিনালের কল্যাণে বাংলাদেশে প্রথমবারের মতো ৮ হাজার ২০০ টিইইউ ধারণক্ষমতার কনটেইনারবাহী এবং ১ লাখ ডিডব্লিউটি ধারণক্ষমতার মালবাহী জাহাজ সরাসরি ভিড়তে পারবে। এতে চট্টগ্রাম বন্দরের চেয়ে চার গুণ বেশি ধারণক্ষমতার জাহাজ বার্থিং নিতে পারবে এবং বিদেশি বন্দরের ওপর নির্ভরতা কমবে।

তিনি আরও জানান, মাতারবাড়ী বন্দর ভবিষ্যতে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ‘হাব’ ও ট্রানজিট রুট হিসেবে গড়ে উঠবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ইউরোপ ও আমেরিকার সাথে সরাসরি শিপিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা ও বে-টার্মিনাল নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে বন্দরের ৮০ শতাংশ কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে এবং জট কমাতে ‘প্রি-অ্যারাইভাল প্রসেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।