ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর চালানো ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে নিজের ‘ভালো লাগছে’ বলে চরম ঔদ্ধত্য প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলের গণমাধ্যম ‘চ্যানেল ১৪’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গাজার এই বিভীষিকাময় রূপ কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং অঞ্চলটি থেকে চিরতরে হুমকি দূর করতে তাদের নেওয়া একটি সুপরিকল্পিত নীতিরই বাস্তব প্রতিফলন।
আগের সামরিক কৌশল পরিবর্তনের কথা উল্লেখ করে কাৎজ জানান, আগে গাজায় সাময়িক অভিযান চালিয়ে সেনা প্রত্যাহার করা হলেও এখন স্থায়ীভাবে ভেতরে অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে।
নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই সফরের মাধ্যমে উত্তর গাজায় তিনটি ‘নাহাল আউটপোস্ট’ বা সামরিক ঘাঁটি-সংযুক্ত ইহুদি বসতি স্থাপনের বিপজ্জনক নীলনকশাও প্রকাশ করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী, যা পরবর্তীতে বেসামরিক ইহুদি বসতিতে রূপান্তর করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলের এই বর্বর হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত, ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত এবং উপত্যকার প্রায় ৯১ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।





