মা হওয়ার পর প্রথম জন্মদিন, ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করলেন ভিকি

মা হওয়ার পর প্রথম জন্মদিন উদযাপন করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিশেষ এই দিনে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন অভিনেতা ভিকি কৌশল।

ছবিতে দেখা যায়, সাদা ও সোনালি বেলুনে সাজানো ‘হ্যাপি বার্থডে’ ব্যাকড্রপের সামনে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে আছেন ভিকি। দু’জনের মুখেই ছিল হাসি। ছবির ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’

জন্মদিনের আয়োজন ছিল একেবারেই ঘরোয়া। ক্যাটরিনার পরনে ছিল নীল রঙের আরামদায়ক পোশাক, আর ভিকি ছিলেন সাদা শার্টে। জাঁকজমকের বদলে তাঁদের সরলতা ও ভালোবাসার প্রকাশই নজর কেড়েছে ভক্তদের।

ছবি প্রকাশের পর শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই তাঁদের বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বলে মন্তব্য করেছেন। পরিচালক ফরাহ খানও মজার ছলে ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ভিকি-ক্যাটরিনার ঘরে পুত্রসন্তানের জন্ম হয়। চলতি বছরের জানুয়ারিতে তাঁরা সন্তানের নাম প্রকাশ করেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।