চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা সাগে ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়ার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।
পুলিশ সুপার জানান, তাঁর সার্বিক দিকনির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে জেলা ডিবির একটি দল শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালায়। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে পরিচালিত ওই অভিযানে দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহা কাটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগানে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা দুটি একনলা বন্দুক ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দুর্গম পাহাড়ি অঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। আইনগত প্রক্রিয়াও চলমান।





