বগুড়ায় পিকআপ-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

বগুড়ার কাহালুর কাজীপাড়ায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকাল ১০ টার দিকে বগুড়া- নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান(৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। শনিবার সকাল ১০ টার দিকে মহাসড়কে কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক হেলপারও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের মরদহ উদ্ধার করে।

ওসি বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।