সিনেমার পর্দায় শুরু হওয়া ভালোবাসার গল্প এবার বাস্তব জীবনেও পূর্ণতা পেয়েছে হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেন্ডেয়ার। মার্ভেলের ‘স্পাইডার-ম্যান’ সিরিজে পিটার পার্কার ও এমজে চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই দুই তারকা এখন বাস্ত ব জীবনেও একে অপরের সঙ্গী।
টম হল্যান্ড ও জেন্ডেয়ার সম্পর্কের শুরু ২০১৭ সালে। ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমার শুটিং সেটে প্রথম পরিচয় হয় তাদের। শুরুতে সহশিল্পী হিসেবে বন্ধুত্ব গড়ে উঠলেও সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়। একপর্যায়ে বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়।
পর্দায় তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছিল। পিটার পার্কার ও এমজে চরিত্রের সম্পর্ক যেমন সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, তেমনি বাস্তব জীবনেও তাদের জুটি ভক্তদের কাছে হয়ে ওঠে অন্যতম আলোচিত।
দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখার চেষ্টা করেন টম ও জেন্ডেয়া। তবে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা যাওয়া, একে অপরের প্রতি সমর্থন এবং ঘনিষ্ঠ মুহূর্তের মাধ্যমে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।
টম হল্যান্ড ও জেন্ডেয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। টম ‘স্পাইডার-ম্যান’ চরিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। অন্যদিকে জেন্ডেয়া অভিনয়, ফ্যাশন ও সংগীত—সব ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।
হলিউডে তারকা জুটির সম্পর্ক প্রায়ই আলোচনায় থাকলেও টম ও জেন্ডেয়ার সম্পর্ককে অনেকেই ভিন্নভাবে দেখেন। কারণ তাদের সম্পর্কের ভিত্তি ছিল দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া।
পর্দার দুই চরিত্র পিটার ও এমজের প্রেমের গল্প যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি বাস্তব জীবনের টম ও জেন্ডেয়ার ভালোবাসার গল্পও এখন ভক্তদের কাছে এক নতুন রোমাঞ্চ। তাদের সম্পর্ক প্রমাণ করেছে, কখনো কখনো সিনেমার গল্পের মতোই সুন্দর হতে পারে বাস্তব জীবন।





