শ্রীদেবীর বিয়ের খবরে কেঁদেছিলেন আল্লু অর্জুন

আজকের ‘আইকন স্টার’ হওয়ার বহু আগে আল্লু অর্জুন ছিলেন আর দশজন স্কুলপড়ুয়া কিশোর। সেই বয়সেই তার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। প্রিয় অভিনেত্রীর বিয়ের খবর শুনে একসময় দিনভর কেঁদেছিলেন এই দক্ষিণী তারকা।

১৯৯৬ সালের ২ জুন শ্রীদেবী যখন চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন, তখন সেই খবর মেনে নিতে পারেননি কিশোর আল্লু অর্জুন। এক পুরোনো সাক্ষাৎকারে নিজের সেই আবেগের কথা জানিয়েছিলেন তিনি।

আল্লু অর্জুন বলেছিলেন, শ্রীদেবীর প্রতি তার গভীর অনুরাগ ছিল। তিনি তাকে এতটাই পছন্দ করতেন যে অন্য কারও সঙ্গে তাকে কল্পনাই করতে পারতেন না। শ্রীদেবীর বিয়ের খবর জানার পর সেদিন সারাক্ষণ কেঁদেছিলেন বলেও জানান তিনি।

শ্রীদেবী শুধু আল্লু অর্জুনের কাছেই নয়, আশির ও নব্বইয়ের দশকের কোটি দর্শকের কাছে ছিলেন এক অনন্য অভিনেত্রী। মাত্র চার বছর বয়সে তামিল সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করা এই তারকা পরবর্তীতে তেলেগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড় ভাষার ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেন।

১৯৯৬ সালে বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়ে তৎকালীন বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘদিন গোপন থাকার পর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

বর্তমানে আল্লু অর্জুন নিজের ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে রয়েছেন। ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ব্যাপক সাফল্যের পর তার হাতে রয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী স্নেহা রেড্ডি ও দুই সন্তানকে নিয়ে পারিবারিক জীবন কাটাচ্ছেন।

শৈশবের সেই তারকা-ভালোবাসার স্মৃতি আজও আল্লু অর্জুনের জীবনের এক আবেগঘন অধ্যায় হয়ে রয়েছে।