সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে অর্থায়ন বা সম্ভাব্য দুর্নীতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী বিচার কার্যক্রম পরিচালিত হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
জাদুঘরের অর্থায়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও আলোচনা-সমালোচনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু ‘দুর্নীতি হয়েছে’— এমন সাধারণ অভিযোগ আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। অভিযোগ অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ উত্থাপন করতে হবে।
তিনি বলেন, “কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মামলা হবে এবং আইন অনুযায়ী বিচার হবে। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সময়সীমার কোনো বাধা নেই।”
নিতাই রায় চৌধুরী আরও জানান, জাদুঘরের উদ্বোধনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন হলে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আইনগত তদন্ত শুরু করতে সাধারণত লিখিত অভিযোগ প্রয়োজন হয়। অভিযোগের ধরন অনুযায়ী বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হতে পারে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংবাদপত্রে প্রকাশিত খবর বা জনসভায় দেওয়া বক্তব্য আদালতে সরাসরি গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হয় না। তাই আইনগত তদন্তের জন্য গ্রহণযোগ্য অভিযোগ ও নির্ভরযোগ্য প্রমাণ অপরিহার্য।
জুলাই স্মৃতি জাদুঘরের জনবল নিয়োগ বিষয়ে তিনি জানান, মন্ত্রণালয়ের বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম পরিচালিত হবে।
মন্ত্রী আরও জানান, আগামী ৫ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।





