এক প্রতিষ্ঠান থেকে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ ৫

দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল এসএসসি ও সমমান পরীক্ষায় এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। চলতি বছরের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বছর প্রতিষ্ঠানটির ১৬৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৬৮ জনই জিপিএ-৫ অর্জন করেছিল।

প্রতিষ্ঠানটির পরিচালক ও অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, শিক্ষকদের নিবিড় পরিচর্যা ও আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে, ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের চিরিরবন্দর-খানসামা আসনের সংসদ সদস্য ও হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

তিনি বলেন, এই চমৎকার ফলাফলের পেছনে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কঠোর পরিশ্রম রয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।