ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার। তবে চুক্তি হারানোর হতাশা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই সরে দাঁড়ানোর কথা ভাবছেন না ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। সুযোগ পেলে যতদিন সম্ভব দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে যেতে চান তিনি।
২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকায় মিলারকে রাখেনি সিএসএ। এর আগের মৌসুমে ‘হাইব্রিড’ চুক্তিতে ছিলেন তিনি। ওই চুক্তির আওতায় ক্রিকেটারদের দ্বিপাক্ষিক সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা থাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মঙ্গলবার ডারবানে নিজের চুক্তি হারানোর বিষয়টি নিয়ে কথা বলেন মিলার। তিনি জানান, ঘরের মাঠে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে চুক্তি থেকে বাদ পড়ায় হতাশ হয়েছিলেন।
তবে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছায় কোনো পরিবর্তন আসেনি বলে জানান তিনি। মিলারের ভাষায়, চুক্তি না থাকলেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য তিনি নিজেকে প্রস্তুত রাখছেন। দলে ডাক পেলে খেলতে প্রস্তুত থাকবেন বলেও জানান এই ব্যাটার।
গত বছর চুক্তির শর্ত অনুযায়ী ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সাদা বলের সিরিজ থেকে ছাড় পেয়েছিলেন মিলার। পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তা সম্ভব হয়নি।
এরপর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন তিনি। পাশাপাশি আইপিএল, দ্য হান্ড্রেড ও ইউরোপের বিভিন্ন টি-টোয়েন্টি লিগেও অংশ নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজগুলোয় দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন মিলার।
জাতীয় দলে জায়গা পেতে অবশ্য এখন প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। মিডল অর্ডারে ম্যাথু ব্রিটস্কি, ট্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিসের মতো তরুণরা নিজেদের জায়গা শক্ত করছেন। ফলে অভিজ্ঞ মিলারের একাদশে জায়গা নিশ্চিত নয়।
এই প্রতিযোগিতাকে ইতিবাচকভাবেই দেখছেন মিলার। তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার পাশাপাশি তাঁদের কাছ থেকেও শেখার কথা জানিয়েছেন তিনি। নিজের প্রস্তুতি ও পারফরম্যান্সের ওপর মনোযোগ রাখাই তাঁর লক্ষ্য।
দক্ষিণ আফ্রিকার বর্তমান ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মিলার। ১৫৩ ওয়ানডেতে তাঁর সংগ্রহ ৪ হাজার ৬১১ রান। তাঁর ওপরে আছেন কুইন্টন ডি কক, যিনি করেছেন ৭ হাজার ১২৩ রান। বর্তমানে দক্ষিণ আফ্রিকার দলে মিলারের চেয়ে বেশি ওয়ানডে খেলা আর কোনো ক্রিকেটার নেই।





