দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান কত?

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়লেও বৃহস্পতিবার তুলনামূলকভাবে মাঝারি মানের বাতাস ছিল ঢাকায়। এদিন ৬৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩০ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী। অন্যদিকে ২২৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। আইকিউএয়ারের তালিকায় ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় কুচিং, ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ দুবাই এবং ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুমান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে বায়ুমান ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক বা একিউআই নির্ধারণে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)- এই পাঁচ ধরনের দূষণকারী উপাদান বিবেচনা করা হয়। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। এসব কারণে বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।