১৩ বছর আগের কীর্তি ছুঁয়ে নতুন রেকর্ডের পথে বার্সেলোনা

গেতাফের বিপক্ষে বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে। তাতে হান্সি ফ্লিকের দল কাতালান ক্লাবের ইতিহাসে সেরা সূচনার রেকর্ডে ভাগ বসিয়েছে। বার্সা চলতি লা লিগা মৌসুমে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। তারা প্রথম আটটি ম্যাচই জিতল।

মুন্দো দেপোর্তিভো-র মতে, ম্যাচ জয়ের এই ধারাবাহিকতা ২০১৩-১৪ মৌসুমে টাটা মার্তিনোর দলের সাফল্যের অনুরূপ। আর্জেন্টাইন কোচ নবম রাউন্ডে গিয়ে হোঁচট খেয়েছিলেন। ওসাসুনার সঙ্গে তারা গোলশূন্য ড্র করেছিল। ১৪তম রাউন্ড পর্যন্ত মার্তিনোর বার্সা অপরাজিত ছিল। তারপর সান মেমেসে অ্যাথলেটিক বিলবাওর কাছে হেরে যায় তারা ১-০ গোলে।

এবার ফ্লিক ও তার খেলোয়াড়দের সামনে মৌসুমের সেরা সূচনার রেকর্ড ভাঙার সুযোগ। টানা নবম ম্যাচ জেতা সহজ হবে না। কাতালানরা আগামী শনিবার লা কার্তুজায় পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে।

এই মাইলফলক নিয়ে ফ্লিক বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরের ম্যাচ নিয়ে ভাবা, যেটা গ্যালাতাসারেইর বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগ)। আমরা ইতিহাস গড়তে চাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে খেলোয়াড়রা পুরোপুরি মনোযোগ ধরে রেখে তাদের কাজ করে চলছে।’