নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আরপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জন হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ট্রাকটি। ভোরে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর পর এলাকার স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালান। ঘটনাস্থলেই ৯ জন মারা যান। পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’