পাঁচটি ড্রোন ভূপাতিত করার দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, তারা সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর মদিনা অঞ্চলের দিকে যাচ্ছিল।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, সৌদির দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

অন্য একটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং মদিনা অঞ্চলে ড্রোনগুলো প্রতিহত করা হয়েছিল।

পরে আল-মালিকি পৃথক আরেকটি পোস্টে জানান, পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে আসা আরও একটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।

তবে ড্রোনগুলো কারা ছুড়েছে, সে বিষয়ে আল-মালিকি নির্দিষ্ট করে কিছু জানাননি।

মদিনা হলো মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকের শহর এবং এখানে অবস্থিত মসজিদে নববী। মক্কার পাশাপাশি মদিনাও ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর।

সূত্র: ডন, আল আরাবিয়া