ধোনিদের সহকারী কোচ হলেন সাবেক প্রোটিয়া ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেলকে চেন্নাই সুপার কিংসের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জহির খানের নেতৃত্বাধীন নতুন কোচিং প্যানেলে যোগ দিচ্ছেন। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুম থেকেই সুপার কিংসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন এই প্রোটিয়া ক্রিকেটার।

২০১৩ সাল পর্যন্ত তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সিএসকে-র জার্সিতে তিনি ৯২টি ম্যাচ খেলেছেন এবং ২০১০ ও ২০১১ সালে আইপিএল শিরোপা জয়ের পাশাপাশি ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও জিতেছেন।

৪৫ বছর বয়সী মরকেলকে চলতি বছরের জুলাই মাসে এসএ২০-তে জোহানেসবার্গ সুপার কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হন, যিনি সেই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। মরকেল কাজ করবেন গ্যারেথ ব্যাটির সঙ্গে, যিনি সারের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে সিএসকে-তে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন।

শ্রীধরন শ্রীরাম, যিনি আইপিএল ২০২৫-এর আগে সুপার কিংসে যোগ দিয়েছিলেন, তিনি সহকারী কোচ হিসেবেই বহাল থাকছেন। এছাড়া ফিল্ডিং কোচ হিসেবে জেমস ফস্টারকেও দলে রাখা হয়েছে। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামের আগে দলের কোন কোন খেলোয়াড়কে ধরে রাখা হবে (রিটেনশন লিস্ট), তা চূড়ান্ত করাই হবে এই কোচিং প্যানেলের প্রথম কাজ।