ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। আগের দামের তুলনায় ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বিজ্ঞপ্তি দিয়ে নতুন দাম ঘোষণা করে বাজুস। নির্ধারিত মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৩ হাজার ৮৪৯ টাকা রয়েছে।