পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং গ্রেড অনুযায়ী সর্বোচ্চ ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা লিখিতভাবে এ প্রস্তাব জমা দেন।

তবে মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো তাদের প্রস্তাব জমা দেননি। এ জন্য তাদের চার কর্মদিবস সময় দিয়েছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলে নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সভা শেষে ব্রিফিংয়ে চেয়ারম্যান বলেন, আজকের বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো লিখিতভাবে জমা দেওয়ার কথা ছিল। শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিয়েছে, যা বোর্ড গ্রহণ করেছে। অন্যদিকে কিছু সমস্যার কথা উল্লেখ করে মালিকপক্ষ সাত কর্মদিবস সময় চেয়েছিল। আলোচনা সাপেক্ষে তাদের চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সময় কম থাকায় চলতি সপ্তাহের মধ্যেই একাধিক পোশাক কারখানা পরিদর্শন করবে বোর্ড। সভায় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আরও আলোচনার প্রয়োজন হলে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সঙ্গে আলোচনা করে এক বা একাধিক সদস্যকে এ কার্যক্রমে যুক্ত করতে পারবেন।

আগামী ১৬ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলেও জানান চেয়ারম্যান।

এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। সুপারিশ অনুমোদিত হলে নতুন কাঠামো অনুযায়ী আগামী জানুয়ারি থেকে মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়। এর আগে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছিল।