ট্রাম্প-শি-পুতিন বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় অংশ নিতে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা এই তিন নেতার একসঙ্গে আলোচনায় বসার ঘটনাকে ঘিরে কূটনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে দক্ষিণ চীনের শেনজেন শহরে পৌঁছান পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার পঞ্চম সর্বোচ্চ পদধারী কাই ছি। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কার্যত চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন।

পুতিনের আগমন উপলক্ষে বিমানবন্দরে আয়োজন করা হয় আনুষ্ঠানিক অভ্যর্থনা। লালগালিচা, সারিবদ্ধ সেনাসদস্য ও নৃত্যশিল্পীদের উপস্থিতিতে তাকে স্বাগত জানানো হয়।

এপেক সম্মেলনের সবচেয়ে আলোচিত আয়োজন হতে যাচ্ছে ট্রাম্প, শি ও পুতিনের এই বৈঠক। এর আগে এমন ত্রিপক্ষীয় বৈঠক হয়নি। ফলে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে এই আলোচনা নতুন মাত্রা যোগ করতে পারে বলে গুরুত্ব পাচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যেই পুতিন প্রথম এ ধরনের বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। তবে বৈঠক নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্যে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

গত অক্টোবরে ট্রাম্প জানিয়েছিলেন, পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে তিন দেশের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হলে তিনি তাতে আগ্রহী। চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও সম্ভাব্য বৈঠকে একাধিক বিষয় আলোচনার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা অনেক বিষয় নিয়ে কথা বলব।’ এ সময় ইরানের যুদ্ধ বন্ধের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

তবে বৈঠক আয়োজনের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার নির্দিষ্ট সূচি প্রকাশ করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান পরিস্থিতি কিংবা আন্তর্জাতিক সম্পর্কের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় কতটা গুরুত্ব পাবে, তা এখনো অনিশ্চিত।