তিন বছরে ১ হাজার ইলেকট্রিক বাস আমদানির পরিকল্পনা সরকারের

পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আগামী তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ঢাকায় ২০০টি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। বাকি বাসগুলো দেশের বিভিন্ন অঞ্চলে চলবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ঢাকায় প্রথম ধাপে ৫০টি বাস আনা হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসার কথা রয়েছে।

ঢাকার জন্য পরিকল্পিত ২০০টি বাসের মধ্যে ৫০টি হবে নারীদের জন্য সংরক্ষিত গোলাপি বাস। এসব বাসের দৈর্ঘ্য হবে ৯ মিটার। আর ১২ মিটার দৈর্ঘ্যের ৫০টি লাল বাসে নারী-পুরুষ উভয়েই চলাচল করতে পারবেন।

এদিকে নারীদের জন্য ইভি পিংক বাস চালাতে নারী চালক তৈরির উদ্যোগ নিয়েছে বিআরটিসি। হালকা যানবাহনের লাইসেন্সধারী নারীদের বিনামূল্যে ১ থেকে ৪ মাসের ভারী যান চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।

সরকারের এ উদ্যোগের লক্ষ্য জ্বালানি নির্ভরতা কমানো, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কার্যক্রমও চলছে।