জেন-জিদের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা নওয়াজুদ্দিন

নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে নিজের মেয়ে শোরাকে কাছ থেকে দেখার পর জেন-জি সম্পর্কে তার ধারণা বদলেছে। তার মতে, বর্তমান প্রজন্ম অনেক বেশি স্মার্ট এবং তাদের অভিজ্ঞতার পরিধিও বিস্তৃত।

এক সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলেন, ‘আমার মনে হয় আজকের জেন জি, বিশেষ করে ১৫, ১৬, ১৭ ও ১৮ বছর বয়সী ছেলেমেয়েরা খুবই স্মার্ট। বিশ্বের সাথে তাদের এমন এক ধরনের পরিচয় রয়েছে যা আমাদের কখনও ছিল না। আমরা কখনও আমাদের বাবা-মাকে প্রশ্ন করিনি, এমনকি কথা বলার সময় তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহসও করিনি।’

‘তবে এই তরুণরা সরাসরি আমাদের প্রশ্ন করে। আরেকটি বিষয় হলো, তারা সারা বিশ্বের সিনেমা দেখেছে। আজকাল যেকোনো তরুণ এমন কিছু দেখে থাকতে পারে যা আপনি হয়তো দেখেনইনি।’

নিজের মেয়ের প্রসঙ্গে অভিনেতার ভাষ্য , ‘তারা অনেক কিছু জানে। তাদেরকে হালকাভাবে নেওয়া যায় না। আমিও তো তাই করতাম। কিন্তু যখন আমি অবশেষে তার দিকে তাকালাম, যখন আমার মেয়েকে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে ও আসলেই অনেক কিছু জানে, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে। কেন? কারণ আমার মনে হয়, মাত্র তিন-চার বছরে ও আমার চেয়েও সারা বিশ্বের বেশি সিনেমা দেখেছে।’

প্রসঙ্গত, নওয়াজুদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডারস’ সিনেমায়। এ ছাড়া আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্নার সঙ্গে অভিনয় করেছেন ‘থাম্মা’তে। সামনে তাকে দেখা যাবে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’ ও ‘সঙ্গিন’ সিনেমায়। অন্যদিকে, বাবার সঙ্গে ‘নাকাব’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেক হয়েছে শোরার। যুক্তরাষ্ট্রের নয়টি শহরে নাটকটি পরিবেশন করেছেন তারা।