আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আশুলিয়ার নিশ্চিন্তপুরে একটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সেলিমের অভিযোগ, নিশ্চিন্তপুরে নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে নেমে আসেন। পরে তারা আশপাশের চালু কারখানায় হামলার চেষ্টা করেন। দেরিতে কারখানা থেকে বের হওয়া শ্রমিকদের মারধরও করা হয়। এমনকি রিকশা থেকে নামিয়েও কয়েকজনকে মারধরের অভিযোগ করেন তিনি।

সেলিমের ভাষ্য, অন্য কারখানার শ্রমিকেরা কর্মবিরতি না দিয়ে কাজ চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা করা হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নিউ এইজ কারখানার আন্দোলনরত এক নারী শ্রমিক। তিনি দাবি করেন, শ্রমিকেরা কোনো কারখানা বা অন্য শ্রমিকের ওপর হামলা করেননি। বরং কারখানা থেকে বের হওয়ার পরপরই পুলিশ তাদের ওপর হামলা চালায়।

ওই শ্রমিকের অভিযোগ, নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে সরকার ও মালিকপক্ষ গড়িমসি করছে। এ বিষয়ে নির্ধারিত বৈঠকও একজনের কারণে স্থগিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। দ্রুত নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান ওই শ্রমিক।

এদিকে নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সোমবার আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলো হলো সাদাতিয়া সোয়েটার লিমিটেড, স্টারলিং অ্যাপারেলস লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন লিমিটেড, হলিউড গার্মেন্টস লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, এ এম ডিজাইন লিমিটেড, ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড, ভার্চুয়াল বটমস লিমিটেড, দি রোজ ড্রেসেস লিমিটেড, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন লিমিটেড, আল-মুসলিম অ্যাপারেলস লিমিটেড, ওয়াইপি লিমিটেড ও কমপ্লিট কম্পোজিট লিমিটেড।

এর আগে শিল্পাঞ্চল পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছিলেন, দিনের শুরুতেই শ্রমিকদের কর্মবিরতির মুখে নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে বসে ছিলেন।

চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সেদিন সড়ক অবরোধ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শিল্প পুলিশের আশা, পরিস্থিতির উন্নতি হলে কর্মবিরতির কারণে ছুটি ঘোষণা করতে বাধ্য হওয়া কারখানার সংখ্যা আরও কমবে। শিল্প পুলিশ ১-এর আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে ৭৩৬টি তৈরি পোশাক কারখানা, যার ৪৭০টি রপ্তানিমুখী।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।