হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করার অপরাধে ইরানের পরিচিত সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) তাঁদের আইনজীবী মোস্তফা নিলির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ ও লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটর। দেশটিতে নারীদের বাধ্যতামূলক পোশাকবিধি বা হিজাব আইন পুনরায় কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবেই এই শাস্তি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আইনজীবী দলের এক সদস্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, পবিত্র নগরী কোমে ২৯ বছর বয়সী গায়িকা পারাস্তু আহমাদি, তাঁর কনসার্টে অংশ নেওয়া তিন যন্ত্রশিল্পী এবং প্রযোজককে এই বেত্রাঘাত করা হয়। জনসমক্ষে অশালীন আচরণ ও অনলাইনে অনৈতিক বিষয়বস্তু প্রচারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শারীরিক শাস্তির পাশাপাশি তাঁদের ওপর দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ঘটনাটির সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় কোম শহরে হাতাকাটা পোশাক পরে ও মাথায় হিজাব ছাড়াই ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেছিলেন পারাস্তু। ওই কনসার্টের ভিডিওটি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশের পর তা ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এ পর্যন্ত ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, কনসার্টের পরপরই তাঁকে গ্রেপ্তার করা হলেও সে সময় অল্প দিনের মধ্যেই মুক্তি দেওয়া হয়েছিল। পরবর্তীতে গত জুনে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দেন এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা ও ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে ২০২২ সালে পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিক্ষোভের পর থেকে এই আইন মানার প্রবণতা অনেকটাই কমে আসে। বিশেষ করে রাজধানী তেহরানসহ বড় শহরগুলোতে অনেক নারীই হিজাব ছাড়া চলাফেরা শুরু করেন। গত সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল মন্তব্য করেছিলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ আইনটি কঠোরভাবে প্রয়োগ করতে পারছে না।
তবে গত এক বছর ধরে ইরানি প্রশাসন হিজাব আইন কার্যকরে আবারও কঠোর অবস্থান নিচ্ছে। এর অংশ হিসেবে ২০২৫ সালের অক্টোবরে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্যের একটি বিশেষ বাহিনী মোতায়েন করা হয় এবং গত মাসের শেষ দিকে সরকারি কৌঁসুলি আলী সালেহি নিয়ম কার্যকরে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। এর আগেও শালীনতা আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালে গায়ক মেহদি ইয়াররাহি এবং ২০২৪ সালে গায়িকা জারা ইসমাইলিকে গ্রেপ্তার করা হয়েছিল।





