টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের টঙ্গীতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া ১০তলা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে এলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে বাগানবাড়ি এলাকার তুসুকা, মাসকো ও মন্ডল গার্মেন্টস, সাতাইশ এলাকার চায়না ও ভিয়েলাটেক্স এবং খাঁপাড়া ১০তলা এলাকার সিজন ড্রেসেস কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ এলাকায় গাজীপুরা-গুটিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।