জিদানের সঙ্গে আমার তুলনা করা বাড়াবাড়ি : বেলিংহাম

ফুটবল মাঠে রিয়াল মাদ্রিদের জার্সিতে দারুণ পারফর্ম করে সমর্থকদের হৃদয়ে দ্রুত জায়গা করে নিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। লস ব্লাঙ্কোসদের জার্সিতে জিনেদিন জিদানের বিখ্যাত ৫ নম্বর জার্সি গায়ে জড়িয়ে খেলার সুবাদে ফরাসি কিংবদন্তির সঙ্গে তার প্রায়ই তুলনা করা হয়। গতরাতে এসভি আইন্দহোভেনের বিপক্ষে দুর্দান্ত এক ভলিতে গোল করায় তাকে আবারও জিদানের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে এই তুলনাকে নিজের জন্য অতিরিক্ত সম্মান বা এক প্রকার বাড়াবাড়ি বলেই মনে করেন বেলিংহাম।

জিদানের সঙ্গে তুলনার বিষয়ে বেলিংহাম বলেন, না, এটা অনেক বেশি হয়ে যায়। জিদান আমার চেয়ে অনেক ভালো ছিলেন। তার খেলার মধ্যে অনেক বেশি সৌন্দর্য ও সাবলীলতা ছিল।

শুধু খেলার ধরন নয়, ছোটবেলা থেকেই জিদানের প্রতি বিশেষ মুগ্ধতা কাজ করত বেলিংহামের। ফরাসি কিংবদন্তিকে নিজের শৈশবের আদর্শ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।

বেলিংহাম বলেন, জিদান আমার শৈশবের আদর্শ।

উল্লেখ্য, জিনেদিন জিদান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে স্বীকৃত। অন্যদিকে, অল্প বয়সেই নিজের প্রতিভা ও পারফরম্যান্স দিয়ে বিশ্ব ফুটবলে আলাদা জায়গা করে নিয়েছেন বেলিংহাম। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তার খেলার ধরন ও প্রভাবের কারণে জিদানের সঙ্গে তুলনা আরও বেড়েছে। তবে বেলিংহামের চোখে, জিদানের উচ্চতায় পৌঁছানো এখনো অনেক বড় চ্যালেঞ্জ।