নুহাশ হুমায়ূনের ছবি ‘মুভিং বাংলাদেশ’

নাটক-বিজ্ঞাপনচিত্রে ইতিমধ্যেই নিজের দক্ষতা দেখিয়েছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পুত্র নুহাশ হুমায়ূন। ঘোষণা দিয়েছিলেন ছবি নির্মাণের। সে কথা রাখতেই এবার আসছে তার প্রথম ছবি। নাম ‘মুভিং বাংলাদেশ’।

দেশে পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহুরে জীবন নিয়ে এর গল্পটি আঁকা হয়েছে। কীভাবে এক দল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে- সে গল্পই উঠে আসবে ছবিতে।

নুহাশ হুমায়ূন জানান, সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়েছে বছর খানেক আগে। তখন থেকেই চলছে এর প্রস্তুতি। গল্পে ২০১৩-১৪ সালের ঢাকা উঠে আসবে।

তিনি বলেন, ‘স্ক্রিপ্টটি ভারতের প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে পাঠানো হয়েছিল। চলতি বছরে সেখানে এটিই একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে।’

গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে ‘মুভিং বাংলাদেশ’ প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। এর আগে, এই জুটি ‘মাটির প্রজার দেশে’ ছবিটি তৈরি করেছেন। তাদের প্রযোজিত ‘রোকাইয়া’ চলতি মাসে কলকাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা হয়েছে।

এদিকে, জানা যায়, ‘মুভিং বাংলাদেশ’ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোর কনসালটেন্সি থেকেও চিত্রনাট্য বিষয়ে পরামর্শ পাবে। তবে ছবিতে কারা অভিনয় করবেন, সে নাম এখনও ঘোষণা করা হয়নি।