রাজধানীর শাহবাগে প্রাইভেটকার ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আর পরনে ছিলো সুয়েটার ও কালো প্যান্ট। আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী কোকিলা বেগম জানান, তিনি হাইকোর্ট এলাকাতে থাকেন।সকালে হেটে যাওযার সময় দেখেন সরকারী কর্মচারী হাসপাতালের বিপরিত পাশের রাস্তায় একটি সাদা প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দেয়। পরে প্রাইভেটকারটি না থেমে শিক্ষা ভবনের দিকে চলে যায়। নিহত নারীকে আগে কখনও ওই এলাকাতে দেখেননি বলে জানান তিনি।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো: শহীদুল ইসলাম জানান, জানতে পেরেছি সরকারী কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় একটি সাদা প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় সনাক্ত করা যায়নি।লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।





