জন্মদিনে কেক না কাটার অনুরোধ ইলিয়াস কাঞ্চনের

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তারপর ‘সুন্দরী’, ‘শেষ উত্তর’, ‘নালিশ’, ‘সোহরাব রোস্তম’, ‘বেদের মেয়ে জোসনা’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। জায়গা করে নেন চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে।

তবে এখন আর তাকে চলচ্চিত্রের পর্দায় খুব একটা দেখা যায় না! ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এই নন্দিত অভিনেতার জন্মদিন। বিশেষ দিনটি কোনো আয়োজন ছাড়াই কাটছে তার। শুধু তাই নয়, জন্মদিনে কেক না কেটে সেই টাকা দিয়ে মাস্ক ও শীতবস্ত্র বিতরণের অনুরোধ করেছেন।

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের বিভিন্ন অঞ্চলের কর্মীরা এর আগে তার জন্মদিনে কেক কেটে দিনটি পালন করেছেন। এবার কেক না কাটার অনুরোধ জানিয়ে এই সংগঠনের কর্মী ও ভক্তদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চন ফেসবুক লাইভে এসে বলেন—প্রতি বছর যারা কেক কেটে আমার জন্মদিন উদযাপন করেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এবার আমার জন্মদিনে কেউ কেক কাটবেন না। যে টাকা খরচ করে কেক কাটবেন, সেই টাকা দিয়ে মাস্ক কিনে তা বিতরণ করুন এবং সম্ভব হলে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করুন। তাহলে আমার জন্ম সার্থক এবং সবচেয়ে আনন্দিত ও খুশি হবো।

কাজই মানুষকে বাঁচিয়ে রাখে। বিষয়টি উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন—ক্ষণিকের জীবন ও পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালের কথা চিন্তা করে নিজেকে ভালো কাজের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করুন। কারণ জন্ম যেহেতু হয়েছে একদিন সবাইকে চলে যেতে হবেই। চলে যাওয়ার আগে যদি ভালো কাজ করা যায় তাহলে কাজই বাঁচিয়ে রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর একটি পৃথিবী পাবে।