সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সর্বক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উৎপাদনশীলতা বাড়াতে করোনা মহামারির মাধ্যেও শিল্প ও সেবাখাতে প্রণোদনা প্রদানসহ গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। ফলে আমরা অচল অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছি।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নরসিংদীর শিশু একাডেমিতে ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) জনবল সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ প্রকল্পের আওতায় সেমিনারটির আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর যৌথ উদ্যোগে উৎপাদনশীলতা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধির গুরুত্ব গণমানুষের কাছে পৌঁছাতে হবে, এক্ষেত্রে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ এর মাঝেও দেশের শিল্প সেবাখাতে উৎপাদন অব্যাহত রয়েছে, যা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। টেকসই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে অধিক উৎপাদনশীলতা ও পণ্যের গুণগতমান ঠিক রাখা। উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে সরকার নিরলসভাবে কাজ করছে।’

মন্ত্রী বলেন, ‘সরকার ইতোমধ্যে জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এপিও) সহায়তায় এনপিও বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান ২০২১-২০৩০ প্রণয়ন করেছে এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।’

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নাসিব প্রেসিডেন্ট মির্জা নূরুল গণী শোভন সিআইপি ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা। এতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিওর পরিচালক (যুগ্মসচিব) নিশ্চিন্ত কুমার পোদ্দার।