ভারতকে ৩৬-এর লজ্জা ভোলার কৌশল জানালেন শচীন

অ্যাডিলেড টেস্ট দুঃস্বপ্নের মতো পার করেছে ভারত। মাত্র ৩৬ রানে অলআউট হয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডোবে বিরাট কোহলির দল।

অ্যাডিলেডের লজ্জার স্মৃতি নিয়ে আগামীকাল শনিবার সকালে বক্সিং ডে টেস্টে মাঠে নামবে ভারত। নতুন ম্যাচ শুরুর আগে ৩৬ রানের লজ্জা ভোলানোর কৌশল বলে দিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

আগামীকাল (বাংলাদেশ সময়) সকাল সাড়ে ৫টায় মেলবোর্নে মাঠে গড়াবে বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে শচীন বলেন, ‘এই ধরনের পারফরম্যান্স খুবই হতাশার। এটা কাটিয়ে ওঠা ও পরের ম্যাচে মন দেওয়া সহজ নয়। মানুষ বলতে পারে যে, স্রেফ একটি বাজে দিন। কিন্তু সত্যি হলো, ক্রিকেটারদের মনে এসব থেকে যায়।’

এরপর আগের ম্যাচের লজ্জার ইতিহাস ভোলার কৌশল জানিয়ে শচীন বলেন,‘ আমি যেটা বলতে পারি, এই ধরনের পারফরম্যান্স ভুলে যাওয়ার একমাত্র পথ হলো, পরের ম্যাচে অসাধারণ কিছু করা। সেটি করতে পারলে ছেলেদের মনোজগত বদলে যাবে। দারুণ পারফরম্যান্সই কেবল পারে খারাপ কিছু ভুলিয়ে দিতে। এ রকম কিছু করতে পারলে শরীরে ইতিবাচক স্রোত বইতে শুরু করে।’

নিজের কথার ব্যাখ্যা করে সাবেক এই তারকা আরো বলেন, ‘কৌশল তো খুব সাধারণ, অনেক রান করতে হবে এবং প্রতিপক্ষকে অত রান করতে দেওয়া যাবে না। এটার জন্য চাই দৃঢ়প্রতিজ্ঞা, পরের তিন টেস্টেই ছেলেদের দৃঢ়তা দেখাতে হবে। দৃঢ়তা, শৃঙ্খলা ও পরিকল্পনায় সমন্বয় থাকতে হবে পারফরম্যান্সে। ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে, নিবেদন দেখাতে হবে এবং পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’