জাহিদ হাসান-সুবাহর ‘ওল্ড ইজ গোল্ড’

যুবরাজ খুব সাধারণ এক ছেলে। চোখে মোটা ফ্রেমের চশমা। হাতে পুরানো দিনের ক্যাসিও ঘড়ি। পৈত্রিক সম্পত্তি আর কয়েকটা বাড়ি ভাড়া তুলে যুবরাজের দিন খুব ভালোই চলে যায়। তবে সমস্যা হলো, সে সবসময় পান খায় আর যেখানে সেখানে পানের পিক ফেলে।

রাইমার সাথে তার প্রথম ঝগড়া শুরু হয় এই পানের পিক ফেলা নিয়ে। রাইমা ভার্সিটি থেকে ফেরার সময় ওর বাসার কাছে এসে রিকসা থেকে নামতেই যুবরাজ এমন ভাবে পানের পিক ফেলে যে, সেটা অল্পের জন্য রাইমার গায়ে লাগে না। পানের পিক থেকে নিজেকে বাঁচাতে পারলেও রাগ উঠে রাইমার। ইচ্ছে মতো বকাঝকা করে। এমনকি ‘স্টুপিড’ বলে একটা গালিও দিয়ে যায়।

এই ঘটনার পর রাইমাকে খুব পছন্দ হয় যুবরাজের। প্রতিজ্ঞা করে যেভাবেই হোক রাইমার মন জয় করবে। যুবরাজ কি পারবে রাইমার মন জয় করতে? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। কারণ এটি এটি টেলিফিল্মের গল্প। নাম ‘ওল্ড ইজ গোল্ড’।

জাকির হোসেন উজ্জ্বলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন জয় সরকার। এতে যুবরাজ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান। রাইমা চরিত্রে আছেন শাহ হুমায়রা সুবাহ। প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।

সম্প্রতি রাজধানীর উত্তরায় টেলিফিল্মটির দৃশ্যধারণ হয়েছে। জাহিদ হাসান নিয়মিত নাটকে অভিনয় করলেও প্রথমবার টেলিফিল্মে অভিনয় করলেন চিত্রনায়িকা সুবাহ।

এই অভিনেত্রী বলেন, ‘জাহিদ হাসান ভাইয়া আমার খুবই পছন্দের একজন অভিনেতা। তার নাটক দেখেই বেড়ে ওঠা। তার সাথে কাজের সুযোগ পেতেই রাজি হয়ে যাই। প্রথমবার টেলিফিল্মে অভিনয় করলেও জাহিদ ভাই কাজে অনেক সহযোগিতা করেছেন।’

সুবাহ আরও জানান, ‘খুব শিগগিরই টেলিফিল্মটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে। আশা করছি, আমার অভিনীত প্রথম টেলিফিল্মটি দর্শক পছন্দ করবে।’