অর্থ আত্মসাতের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ জনের মামলায় চার্জ শুনানির তারিখ পেছালো।
সোমবার (২৮ ডিসেম্বর) পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে অর্থ আত্মসাতের মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।
তবে মামলার যাবতীয় কাগজপত্র না পাওয়ায় চার্জ শুনানির বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারেননি বলে শুনানি পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১১ জানুয়ারি চার্জ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
এদিকে, দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রিজনভ্যানে না এনে মাইক্রোবাসে আনার আবেদন করেন তার আইনজীবীরা। বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে, আজ সকাল ৯টা ৫০ মিনিটে পুলিশ সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করে।
মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ৬ জন আসামি। অপর ৫ আসামি হলেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মোঃ আব্দুল হক।
আসামিদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পলাতক রয়েছেন। অপর তিন আসামি জামিনে রয়েছে।
উল্লেখ্য, দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডের আদেশ নিয়ে বর্তমানে করাগারে রয়েছেন।
ইফার যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।





