রোমান্টিক নায়িকা হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা পেয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। এবার সেই পরিচিত ইমেজের বাইরে গিয়ে নেতিবাচক চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে পূর্ণিমা জানান, প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করলেও এখনো ভিলেন বা নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি তিনি। এমন একটি চরিত্রে অভিনয় করতে চান, যেটি দেখে দর্শকের মনে তার প্রতি ঘৃণা তৈরি হবে।
পূর্ণিমার ভাষায়, দর্শক তাকে সবসময় রোমান্টিক, সুন্দরী ও পরিপাটি চরিত্রে দেখেছেন। তাই চেনা গণ্ডির বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চান তিনি। তার মতে, এখনো কেউ তাকে নেতিবাচক চরিত্রে কল্পনা করেননি।
অভিনয়ে বর্তমানে তুলনামূলক অনিয়মিত পূর্ণিমা। তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। সর্বশেষ তাকে দেখা গেছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায়।





