রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

আজ শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোঃ গোলাম সাকলায়েন।

গ্রেপ্তারকৃত দুইজন হলেন, রিয়াজুল ইসলাম রিপন (৪৪) এবং নাদিম মাহমুদ (২৭)।

পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন জানান, গতকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে নাদিম ও রিপনকে গ্রেপ্তার করা হয়। তারা ইয়াবা বড়ি নিয়ে ঢাকার মাদককারবারিদের কাছে সরবরাহ করছিলেন। এ সময় তাদের তল্লাশি করলে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে কৌশলে তা ঢাকায় এনে মাদককারবারিদের কাছে সরবরাহ করতো তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধ রাজধানী রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।