খেলাধুলা বাড়লে বিপথগামী ছেলেমেয়ের সংখ্যা কমবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ‘খেলাধুলা ছেলেমেয়েদেরকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে পারে। দেশে খেলাধুলার পরিমাণ যত বাড়বে বিপথগামী ছেলেমেয়েদের সংখ্যা তত কমবে।’

শুক্রবার (১ জানুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ীতে মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হাডুডু প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও সুস্থ বিনোদনের মাধ্যম। এর মাধ্যমে সুস্থ চিন্তা চেতনার বিকাশ ঘটে। এদেশের অনেক ছেলেমেয়ে বিপথে পরিচালিত হয়, মাদক ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। খেলাধুলাসহ এরকম সুস্থ বিনোদনে ছেলেমেয়েরা সম্পৃক্ত ও জড়িত থাকলে নির্মল আনন্দ পাওয়ায় সাথে সাথে তাদের মন প্রফুল্ল রাখে। তারা ভালো কাজে মন দিতে পারে।’

এ সময় প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি সোহরাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সরকারসহ স্থানীয় ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।