পৌর নিবার্চনে বিএনপিকে ভোটাররা প্রত্যাখান করেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপিসহ অনেকেই ঘরে বসে শুধু নিরাপদে থেকে সমালোচনা করতে পারেন। কিন্তু তারা করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নিবার্চনে বিএনপিকে ভোটাররা প্রত্যাখান করেছেন।  আগামীতে দেশে যত নিবার্চন হবে ভোটাররা তাদের প্রত্যাখান করবেন।

শুক্রবার ( ১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানিকগঞ্জ পৌরসভার নবনিবার্চিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবার্চনে প্রমাণ হলো মানিকগঞ্জবাসী নৌকার পক্ষে ও  উন্নয়নের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জবাসী ভোট দিয়েছেন। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়। ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে দায়িত্ব পালন করেছেন। এখন পৌর এলাকায় শিশুপার্ক, মিনি স্টেডিয়াম, মিলনায়তন নির্মাণসহ শহরের খালটি উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে বিভিন্ন দেশে ১৮ লাখ মানুষ করোনায় মারা গেছে, আক্রান্ত হয়েছে ৮ কোটি মানুষ । এতে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পড়েছে। অনেক উন্নয়নশীল দেশে অর্থনীতির সূচক মাইনাস হয়ে পড়েছে। কারণ ওই সবদেশে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আমাদের দেশে উন্নয়নের চাকা ঘুড়ছে। পদ্মসেতুসহ সকল সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে।

এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে  সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,  নব নিবার্চিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, রাজিয়া সুলতানা।