সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার ও ২০ জনকে উদ্ধার করেছে র্যাব-৪।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।
এরআগে, রোববার (৩ জানুয়ারি) বিকালে সাভারের আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- বাতেনের স্ত্রী শাহারা বানু (৩৫), সিরাজগঞ্জ জেলার মশিউর রাহমান (২১), কুড়িগ্রাম জেলার রবিউল ইসলাম রবি (২১) ও মোসলেম হোসেনের মেয়ে সাবিনা ইয়াসমিন (১৮)।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাভারের আনন্দপুর এলাকায় অবস্থিত প্রজন্ম ফোর্স লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ২০ জনকে উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, ‘তাদেরকে মামলা দিয়ে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।’





