করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১, শনাক্ত ১০০৭: স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় দেশে আরও ৩১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৭ হাজার ৭১৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সুস্থ হয়েছেন ৯৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ১৭ হাজার ৮১০টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। 

২৪ ঘণ্টায় নতুন ৩১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৮৬৭ জন ও নারী এক হাজার ৮৫১ জন।

এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ২০ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৯ জন ও বাড়িতে দুজন।