করোনার অজুহাত দাঁড় করিয়ে আসন্ন সিরিজে অংশ নিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের একঝাঁক পরিচিত মুখ। এমতাবস্থায় তরুণদের প্রতি ভরসা তাদের। সফরকারী টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট বলছেন, বাংলাদেশের বিপক্ষে জেতাটা এত সহজ হবেনা।
দুই টেস্ট এবং তিন ওয়ানডে খেলতে আজ (রোববার) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় পা রাখে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে নেই জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শেমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, শেন ডাওরিচদের মতো ক্রিকেটাররা। ব্রাথওয়েটকে ভাবাচ্ছে এই বিষয়টিই।
ঢাকায় পা রাখলেও এখনই মাঠে নামা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। স্বাস্থ্যবিধি অনুযায়ী তিন দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে তাদের। এই ফাঁকে হয়ে যাবে করোনা টেস্ট। নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে আগামী ১৪ জানুয়ারি অনুশীলন শুরু করবে সফরকারীরা।
শক্তির দিক দিয়ে পিছিয়ে থাকলেও বাংলাদেশের বিপক্ষে ভালো করতে বেশ আত্মবিশ্বাসী ব্রাথওয়েট। জানালেন, তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছেন, ‘চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি আমরা। স্বাগতিকদের বিপক্ষে সিরিজটি সহজ হবে না। তবে আমাদের আত্মবিশ্বাস আছে। বিশ্বাস করি, ভালো কিছু করব। কয়েকজন খেলোয়াড় এবারই প্রথম বাংলাদেশে খেলবে। তারা মেধাবী এবং এই পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য রাখে।’
নিজেদের পরিকল্পনা সম্পর্কে সফরকারী দলের টেস্ট অধিনায়ক বলেন, ‘ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই আমাদের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার হতে হবে। রান করা, উইকেট তুলে নেওয়া- সর্বোপরি জানতে হবে কীভাবে আমরা খেলতে চাই। ধৈর্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে। টেস্ট ক্রিকেটে, বিশেষ করে বাংলাদেশের পিচে এটা অনেক গুরুত্বপূর্ণ।’





