দীর্ঘ ১৪ বছর পর একটি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। গতকাল শনিবার করাচিতে পৌঁছেছে প্রোটিয়া দলটি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের খবরে জানা গেছে, সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তান সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সে সময় দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। এরপর ২০১০ ও ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা।
শ্রীলঙ্কার টিম বাসে ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের হোম ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে আসছিল।
আসন্ন সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্ট আগামী ২৬-৩০ জানুয়ারি করাচিতে হবে। দ্বিতীয় টেস্ট ৪-৮ ফেব্রুয়ারি হবে রাওয়ালপিন্ডিতে। লাহোরে ১১ ফেব্রুয়ারি শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দক্ষিণ আফ্রিকার দল : কুইন্টন ডি কক (অধিনায়ক, উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ডিন এলগার, ফাফ দু প্লেসিস, টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডুসেন, অ্যানরিখ নর্তজে, ওয়াইয়ান মালদার, লুথো সিপামলা, বিউরেন হেনড্রিক্স, কাইল ভেরাইনি, সারেল আরউই, কিগান পেটারসন, তাবরিজ শামসি, জর্জ লিন্ডে, ড্যারিন ডুপাভিলন ও মার্কো জানসেন।





