কারাগারে নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানো জঘন্য অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরের কাশিমপুর কারাগারে হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ সময় কাটানোর ঘটনাকে জঘন্য বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই ঘটনার সঙ্গে জড়িত কারারক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি জঘন্য কাজ। কারাগারে এসব নিষিদ্ধ। এর পেছনে যারা দায়ী প্রাথমিকভাবে তাদের সবাইকে প্রত্যাহার করতে বলা হয়েছে। মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটিও করতে বলা হয়েছে। কমিটির দেয়া প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটিও কাজ করছে বলে জানা গেছে। অল্প সময়ের মধ্যে এই প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।