গাজীপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ- কারখানা সিলগালা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা করে দেড়টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও একশ কেজি কাঁচামাল জব্দ করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্বদেন গাজীপুর জেলা প্রশাসনের টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মান্নান কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দেড়টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও একশ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে ফ্যাক্টরি সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।