আরও ২ বছর কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক হারুনুর রশীদ

কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন টানেল নির্মাণ প্রকল্প এর প্রকল্প পরিচালক পদে হারুনুর রশীদ চৌধুরীকে আরো দুবছর মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরীকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২১ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে কর্ণফুলীর তলদেশে বহুলেন টানেল নির্মাণ প্রকল্প এর প্রকল্প পরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে অবসর উত্তর ছুটি ভোগরত কর্মকর্তা ড. মোঃ আবদুল বারীকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্প এর প্রকল্প পরিচালক পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।