দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে জয়ের পথে পাকিস্তান। জিততে তাদের আর প্রয়োজন ৬৬ রান। হাতে আছে ১০টি উইকেট। হাতে সময় রয়েছে দেড় দিন।
শুক্রবার দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নামা পাকিস্তানের স্পিনার নউম্যান আলী ৩৫ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন। আরেক স্পিনার ইয়াসির শাহ ৭৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। পেসার হাসান আলী নিয়েছেন ১টি উইকেট।
করাচিতে গত ২৬ জানুয়ারি শুরু হয়েছে ম্যাচটি। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২০ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পরে পাকিস্তান ব্যাট করতে নেমে ৩৭৮ রান করে অলআউট হয়।
প্রথম ইনিংস শেষে ১৫৮ রানের লিডে থাকে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৪৫ রান করে অলআউট হয়। যার কারণে পাকিস্তানের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৮৮ রান।





