ভালবাসা দিবস উপলক্ষে হাবিব-সিঁথির ‘উড়ে যারে মুনিয়া’

ভালোবাসা দিবসে নতুন গান উপহার দিতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম ‘উড়ে যারে মুনিয়া’। এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। মীর শরিফুল করিম শ্রাবণের কথায় গানটি সুর-সংগীত করেছেন হাবিব নিজেই।

গতকাল সন্ধ্যায় হাবিব নিজেই গানটির পোস্টার প্রকাশ করেন তার ফেসবুকে। আর ক্যাপশনে লিখেছেন- ‘কর্তব্য তাদের দূরে নিয়ে যায়। ভালোবাসা তাদের দূরে থেকেও বেঁধে রাখে। ওই নীরবে যারা ভালোবাসে, এই ভালোবাসা দিবস ওই স্পেশাল মানুষদের জন্য…।’

পোস্টারে দেখা যায়, নাবিকের পোশাক গায়ে উদাসীন হাবিব। আর পেছনে প্রেমিকা সিঁথি! বোঝাই যাচ্ছে গানের মতো ভিডিওতেও তাদের রসায়ন ফুটে উঠবে।

সিঁথি সাহা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম গান। কাজটি নিয়ে আমি আশাবাদী। গানটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারে এর ভিডিও নির্মাণ করেছেন গীতিকবি নিজেই। আর এর ভিডিওর শুটিং হয়েছে চট্টগ্রামের পতেঙ্গা ও কক্সবাজারে।

জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি গানটি প্রকাশ হবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।